

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোড থেকে সিংড়াবাড়ী শ্মশানঘাট রাস্তায় খালের উপর নির্মিত একটি সেতুর উদ্বোধন করলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। ১১.৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন তিনি।
এসময় সেলিম রেজা বলেন, সেতুটি যমুনা নদীর তীর ঘেঁষে চলা পাটাগ্রাম-সিংড়াবাড়ীর কয়েক হাজার মানুষের চলাচলের ভোগান্তির অবসান ঘটাবে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সেতুটি নির্মাণ করেছেন মেসার্স সিয়াম এন্ড সিনান এন্টারপ্রাইজ। ২০২৫-২০২৬ অর্থবছরের এই সেতুটির নির্মাণ ব্যয় হয়েছে ৪০ লক্ষ ৯১ হাজার ৫১১ টাকা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউর হাসান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, ঠিকাদারী প্রতিষ্ঠানের মামুন হোসেন হিটলার।

