

হবিগঞ্জ প্রতিনিধি: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালামের নেতৃত্বে নিয়মিতভাবে এ মহড়া পরিচালিত হয়। মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য অংশ নেন। এসময় গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, রেলওয়ে জংশন ও জনসমাগমস্থলে টহল জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে থানা প্রাঙ্গণে আলোচনা সভা, জনসচেতনতামূলক কার্যক্রম ও জনগণের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওসি মোঃ আবুল কালাম বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের নিয়মিত মহড়া ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ প্রবণতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

