ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী শেল্টার নির্মাণ নিয়ে আবারও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআরের উদ্যোগে আবারও স্থায়ী শেল্টার নির্মাণ স্থানীয় জনমত ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে বলে দাবি করেছে কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম (সিসিএনএফ)। একই সঙ্গে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে পৃথক ‘রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশন’ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১১ মে) সকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। “কক্সবাজারে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে, রোহিঙ্গা ত্রাণ কার্যক্রমে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণ জরুরি” শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সিসিএনএফ।

সংবাদ সম্মেলনে সিসিএনএফের কো-চেয়ার রেজাউল করিম চৌধুরী বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সদস্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, ইউএনএইচসিআর ব্র্যাক ও ইনফিনিক্সের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী ঘর নির্মাণ করছে, যা স্থানীয় সরকার বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা স্থানীয় এনজিওগুলোকে বাদ দিয়ে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছে। একই সঙ্গে স্থানীয় এনজিওগুলোর জন্য বরাদ্দ তহবিলেও বৈষম্যের অভিযোগ তোলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিসিএনএফের সদস্য মো. হেলাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. শাহিনুর ইসলাম ও তানজির উদ্দিন রনি, সিইএইচআরডিএফের প্রধান নির্বাহী মো. ইলিয়াস মিয়াসহ অন্যরা। প্রশ্নোত্তর পর্বে রেজাউল করিম চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উখিয়া-টেকনাফ সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তার অভাবেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram