

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্টের কারখানায় জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে। এসময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ এবং কারখানাটি সীলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ ও ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রবিবার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে পূর্বাচল সিপিসি-৩, র্যাব-১ এর মেজর রবিউল আলম, প্রসিকিউটরের মো. খাদেমুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ এবং কারখানাটি সীলগালা করা হয়।
গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা, খাদ্য সামগ্রী এবং উৎপাদন উপকরণ জব্দ করে কারখানা সীলগালা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

