

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ, হামের চিকিৎসায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং টিকাদানে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা।
রোববার (১০ মে) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সদস্য উম্মে হালিমা লাবনী, রেজওয়ান হোসেন সিয়াম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সায়মন এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক আবির দেবনাথ জয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য থাকলেও স্বাধীনতার এত বছর পরও শিক্ষাখাতে ন্যায্য বরাদ্দ নিশ্চিত হয়নি। বর্তমানে জিডিপির তুলনায় শিক্ষাখাতে বরাদ্দ মাত্র ১ দশমিক ৬৯ শতাংশ, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। অপর্যাপ্ত বরাদ্দের ফলে শিক্ষার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ ঘটছে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের জোর দাবি জানান তারা।
বক্তারা দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ৩০ হাজারের বেশি শিশু হাম ও রুবেলায় আক্রান্ত হয়েছে এবং ৩৫৩ জন শিশুর মৃত্যু হয়েছে। টিকাদানে গাফিলতি ও অনিয়মের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বিভাগীয় শিশু হাসপাতাল অবিলম্বে চালু করা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়া এবং প্রতিটি হাসপাতালে বিশেষায়িত ‘হাম-রুবেলা কর্নার’ খোলার দাবি জানান। একইসঙ্গে টিকাদান কর্মসূচিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

