

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাত ‘ফজল কাদের বাহিনী’র ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ৭ মে রাত ৯টায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের নাছির ডেইল এলাকায় এই অভিযান চালানো হয়।
শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), মৃত বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে ফারুক (২৫) এবং সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, ফজল কাদের বাহিনীর কয়েকজন সদস্য ধলঘাটার নাছির ডেইল এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড মহেশখালী স্টেশনের একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চার ডাকাতকে আটক করা সম্ভব হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক ডাকাতদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি দেশীয় অস্ত্র (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

