

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক কারবারিরা হলেন, জেলার জুড়ী উপজেলার এলবিন টিলা সুব্রত বুনার্জী’র পুত্র গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও একই উপজেলার রাজকি চা বাগানের গোবিন্দ বুনার্জী’র পুত্র সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)।
এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

