

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের ফাহিম মিনি আইস প্ল্যান্টে লাইসেন্স ছাড়া বরফকল চালানোর অপরাধে মালিক হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করে। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তিনি ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও বরফকল চালু রেখে আইন ভঙ্গ করেছেন।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ইয়াসিন সাদেক বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরফকল চালু রাখা আইন ভঙ্গের শামিল। প্রশাসন জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

