

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত মাদক কারবারি। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পলাতক ব্যক্তির নাম রিপন ওরফে বাকেট। তিনি উপজেলার চৈতনকান্দা উত্তরপাড়া এলাকার আশকর আলীর ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের একটি দল জানতে পারে, উলুকান্দি পূর্বপাড়ায় মনিরের মিষ্টির কারখানার পাশে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থলে পড়ে থাকা দুটি বস্তা তল্লাশি করে ২৫টি প্যাকেটে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক রিপন ওরফে বাকেটকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই ব্যক্তি গাঁজাভর্তি বস্তা নিয়ে একটি গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় পুলিশের গাড়ি আসতে দেখে তিনি বস্তা ফেলে পালিয়ে যান।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

