ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়: খাগড়াছড়িতে কৃষি উপ-পরিচালক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ​পাহাড় ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, "পরিবেশ রক্ষা না করে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। একদিকে ধীরে ধীরে পাহাড়ের ক্ষয় হচ্ছে, অন্যদিকে বনভূমি উজাড় করে আদা, মুখিকচু ও কাসাবার মতো ফসল চাষ করায় পাহাড়ের আয়ু কমছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে।"

বৃহস্পতিবার (৭ মে) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আধুনিক ও টেকসই কৃষির স্বার্থে পরিবেশের ভারসাম্য রক্ষায় খাড়া পাহাড়ে আদা, মুখিকচু ও কাসাবা চাষ না করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, "মৎস্য সম্পদ আমাদের অন্যতম একটি বড় সম্পদ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশছে, যা প্রাকৃতিক মৎস্য সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই কৃষি বিভাগের সাথে পরামর্শক্রমে সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।" কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে আছে বলেও তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল।

​কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram