

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের সাথে সংরক্ষিত নারী এমপি সাবিরা সুলতানা মুন্নীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা। এ সময় প্রধান অতিথি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সেবার মান, উন্নয়ন কার্যক্রমের গতিবৃদ্ধি, জনসেবামুখী প্রশাসন গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সকল সরকারি দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মনিব, থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আহসানুল মিজান রুমীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

