

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধানের লাভজনক দাম নিশ্চিতকরণ, লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিল ও পুনঃখননসহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিএম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক অব. প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতির প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, কৃষকরা ধানের ন্যায্য দাম পান না, সময়মতো সার ও কীটনাশক মেলে না, প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনার বাইরে থাকে এবং দালাল সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে কৃষকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে, ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি অর্থনীতি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি শেষ হয়।
