

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত মেসার্স সখীপুর ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
এসময় প্রতি ৫ লিটারে ২৭০ গ্রাম এবং প্রতি ১০ লিটারে ৫৪২ গ্রাম তেল মাপে কম দেওয়ায় ওই ফিলিং স্টেশনের মালিক রাজু আহমেদ ও মো.রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে তেল মাপে কম দেওয়ার বিষয়ে অভিযোগ করে আসছিলেন। একাধিক গ্রাহক জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়িতে ফুয়েল মিটারে নির্দিষ্ট পরিমান তেল দেখা যাচ্ছিল না। অভিযানে বিষয়টি প্রমানিত হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।উপজেলার সকল ফিলিং স্টেশনেই এমন অভিযান পরিচালনার অনুরোধ জানান গ্রাহকরা।

