

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৪ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক-কে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ প্রেক্ষিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় কসবা উপজেলার মাদলা বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস কাপড় এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

