ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৫
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

সাতকানিয়ায় সড়ক কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন, দুর্ভোগে কৃষক-জনতা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহনামুড়া সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় বছর আগে ছহিপাড়া থেকে ছদাহা জিলানি নগর মাদ্রাসা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে স্থানীয় এক ব্যক্তি কাজে বাধা প্রদান করেন। ঠিকাদার আরিফ দাবি করেন, তাকে কাজ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে, এমনকি শারীরিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। এর ফলে কাজ বন্ধ হয়ে সড়কটি দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

এ অবস্থার প্রতিবাদে শুক্রবার (১ মে) সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল হক, নরুল আলম, মৃদল, হাজী মোক্তার, মমতাজ, ইউনুস, ফয়েস আহমদ, ফরিদ, ইয়াসিন, জাফর, আশরাফ, আবু তাহের, শাহা আলম, ইব্রাহিম, ইসলাম, জাহাঙ্গীর, মুন্ছুর, মকছুম পেঠান, বাদশা সহ স্থানীয় কৃষক-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, ছদাহা বহনামুড়া এলাকার কৃষকরা এই সড়ক দিয়ে প্রতিদিন সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য হাটবাজারে নিয়ে যান। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

তারা আরও বলেন, এতদিন এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী রেখেছিল। পরে সরকারি উদ্যোগে কাজ শুরু হওয়ায় সবাই আশাবাদী হলেও স্থানীয় এক ব্যক্তির বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, তিনি রাস্তার মাঝখানে ব্যক্তিগত জায়গা দাবি করায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও জানান, বহু বছর ধরে এই সড়কটি এলাকার প্রধান যাতায়াত পথ হলেও সংস্কার কাজ অসমাপ্ত থাকায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী দ্রুত সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করে বর্ষার আগেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram