

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জ্বালানি তেল পাচারের সময় তেলভর্তি ট্যাংকলরি, ট্রলি ও তেলের ড্রাম জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত হিরো ইটভাটা এলাকায় একটি তেলবাহী গাড়ি ভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ট্যাঙ্কলরির চালক এবং হেলপারসহ পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি, পাচারে ব্যবহৃত ট্রলিসহ তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক জানান, তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচার চক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে তেলগুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আজ দুপরে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ এক সাংবাদিক সম্মেলনে বলেন, জব্দকৃত তেলের গাড়ি তাদের নয়। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তাদের ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ করা হয়েছে ২৮ তারিখের জন্য। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়িয়ে দেওয়ায় ঘটনার প্রতিবাদ জানান পাম্প কর্তৃপক্ষ।

