

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল সেন (৪২) কে গ্রেফতার করেছে (র্যাব)।
র্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) ও সিপিএসসি (কক্সবাজার) এর যৌথ অভিযানে গত সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে থানাধীন কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল সেন চট্টগ্রামের উপজেলার উত্তর ধর্মপুর এলাকার বাসিন্দা। তিনি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

