

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯জন শিশু রয়েছে। গত ২৪ ঘন্টায় (২৬-২৭ এপ্রিল) পৌরসভাসহ উপজেলার কালিয়া, কাকড়াজান, বহেড়াতৈল ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন কুকুরের কামড়ে আহত হন। আহত ব্যক্তিরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুর রশিদ নামের একজনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। কুকুরের আক্রমণে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) দুপুরের পরে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ৭ জন চিকিৎসা নিতে আসেন। পরে ওইদিনই আরও ৩১ জন কুকুরের আক্রমণে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ২৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।
কুকুরের আক্রমণে আহত মেহেরা বেগম (৫৫) বলেন, আমি আমার নাতনিকে কোলে নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে নাতনিকে কামড় দেওয়ার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দেই। এসময় কুকুরটি আমার হাতে কামড় দেয়।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই। জরুরি ভিত্তিতে কয়েকজনকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া যাদের বেশি ক্ষত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলাবাসীকে সর্তক থাকারও অনুরোধ জানান।

