

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে মহানন্দা নদীতে নবনির্মিত রাবার ড্যাম এলাকায় জনসমাগম বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। তীব্র গরমে প্রতিদিন স্থানীয়সহ দূরদূরান্ত থেকে মানুষ ড্যাম এলাকায় গোসল করতে আসছেন, যা একদিকে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিও হুমকির মুখে ফেলছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে প্রকাশ, মহানন্দা নদীতে ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যামটি মূলত শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে সেচ ব্যবস্থাকে কার্যকর করার জন্য বাস্তবায়ন করা হয়। ড্যামটির মাধ্যমে নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে কৃষিকাজে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তবে সম্প্রতি দেখা যাচ্ছে, অনেকেই কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা না মেনে ড্যামের মূল কাঠামোর ওপর উঠে গোসল করছেন এবং ঝুঁকিপূর্ণ আচরণ করছেন। এতে ড্যামের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্থাপনাটির ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি পানির প্রবল স্রোত, পিচ্ছিল পৃষ্ঠ এবং অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে যেকোনো সময় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে সরকারি সম্পদ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাবার ড্যাম এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার এবং ড্যামের ওপর না ওঠার আহ্বান জানানো হয়েছে।

এরই মধ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে পানি উন্নয়ন বোর্ডের আবেদনটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, পুলিশ রাবার ড্যাম এলাকায় টহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, এই ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো জরুরি, না হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে যায়। জনসমাগম নিয়ন্ত্রণ ও সচেতনতা তৈরির জন্য তারা বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং সচেতনতামূলক ব্যানার-ফেস্টুনও টানানো হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের সহযোগিতায় সেখানে পুলিশের টহল শুরু হয়েছে, যা আগামী কয়েকদিন চলমান থাকবে। এতে আর কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণকাজ শুরু হয়। গত বছর প্রকল্পটি চালু হয়। এটি দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম বলে দাবি করা হয়।
