ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৬

চাঁদা নিয়ে বিরোধ : চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি শুরু করায় সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। অনেক যাত্রী অভিযোগ করে বলেন, এমনিতে প্রচন্ড তাপদাহ এবং গরমে আমরা অস্বস্তির মধ্যে রয়েছি, তারপর তাদের চাঁদাবাজীর কারওে বাস চলাচল বন্ধ রাখা মেনে নিতে পারছি না।

শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জের ধরে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের দাবি দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে তীব্র বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছেন তারা। কিন্তু হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন(রেজি নং- রাজ ৩০৬৩) জেলা শহরের হরিপুর নামক স্থানে গাড়ি থামিয়ে সড়কে চাঁদা আদায় করে আসছে। বিষয়টি তারা সাংগঠনিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করার পরও হানিফ পরিবহনের কোচ থামিয়ে সুপারভাইজার মোঃ হাসান আলীর সাথে খারাপ ব্যবহার করে জোরপূর্বক চাঁদা আদায় করে। বিষয়টি সাধারণ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এক্তিয়ার কোন সংগঠনের নেই।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন(রেজি নং- রাজ ৩০৬৩) এর সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দীর্ঘ ধরে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিয়ে আসছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি ওই সংগঠনের নেই।

এদিকে, আজ দুপুরে শ্রমিক ভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজি নং- রাজ ৩৪১৩) এবং জেলা ট্যাংকলরি ও কাভ্যার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন(রেজি নং- রাজ ৪৭৪) যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায় সন্ধ্যার মধ্যে বন্ধ না হলে সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম আনার। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ট্যাংকলরি ও কাভ্যার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমসহ শ্রমিক নেতারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও এখনো সমাধান হয়নি। তবে প্রশাসন বলছে, সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোন ধরনের চাঁদাবাজি করা যাবে না।’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, যান চলাচল স্বাভাবিক হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram