

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কারে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের লোকজনের হাতে দুইজন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায়।
জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের ভাগসুন্দুর গ্রামে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইট, মরিচাযুক্ত রড ব্যবহার ও গাইডওয়ালের একেবারেই নিকট থেকে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ এবং দৈনিক সংবাদ পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো. কাজী রহমান বৃহস্পতিবার ওই কাজের অনিয়মের তথ্য সংগ্রহের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় অফিসের লোকজন তাদের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
সাংবাদিক উত্তাল মাহমুদ বলেন, আমি কয়েকদিন থেকে এ কাজের তথ্য সংগ্রহের জন্য এ অফিসে যাতায়াত করছি। আমাকে তথ্য দিতে কেন গড়িমসি করা হচ্ছে জানতে চাইলে অফিসের লোকজন আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আমাদের ওপর চড়াও হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, তথ্য দিতে অসহযোগিতার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

