ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৬

চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আর নেই গ্রাহকদের দীর্ঘ লাইন

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রাম নগরীর পাম্পগুলোতে চিরচেনা ভিড়ের চিত্র বদলে গেছে। মাত্র কয়েক দিন আগেও যেখানে তেল সংগ্রহের জন্য গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে বেশিরভাগ পাম্প প্রায় ফাঁকা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন দৃশ্য পরিলক্ষিত হয়েছে। ষোলশহর, নতুন ব্রিজ, পাঁচলাইশ, অক্সিজেন, ওয়াসা এবং গণি বেকারি এলাকার পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন নিতে গ্রাহকদের কোনো বাড়তি চাপ দেখা যায়নি।

কোনো রকম ভোগান্তি ছাড়াই চালকেরা তাদের প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন। আগে যেখানে তেলের পরিমাণের ওপর সীমাবদ্ধতা ছিল, বর্তমানে পর্যাপ্ত সরবরাহ থাকায় সেই সংকটও কেটে গেছে।

পাম্পে কর্মরত শ্রমিকদের অনেককেই এখন অলস সময় কাটাতে দেখা যাচ্ছে। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এখন আর দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। এদিকে গ্রাহকদের অনেকে অভিযোগ করেছেন যে, দাম বাড়ানোর আগে কৃত্রিম সংকট তৈরি করে পাম্পগুলোতে ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল।

গণি বেকারি এলাকার একটি পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো: ইব্রাহীম জানান, কয়েক দিন আগেও তেল নিতে এক থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কোনো ঝামেলা ছাড়াই দ্রুত তেল নেওয়া সম্ভব হচ্ছে। পাম্প কর্মচারী মো. আলমগীর বলেন, দুই দিন আগেও তেলের জন্য উপচে পড়া ভিড় ছিল।

বর্তমানে অনেকেই আগের মজুত করা তেল ব্যবহার করছেন, যার ফলে চাপ কমেছে। নগরীর ব্যস্ততম দামপাড়া এলাকার সিএমপি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। যেখানে গত দেড় মাস ধরে দিন ও রাত তেলের জন্য দীর্ঘ লাইন ছিল, সেখানে এখন কোনো ভিড় নেই। মাত্র দুই দিনের ব্যবধানে পাম্পগুলোর এমন দৃশ্যপট পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram