

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও গ্রামের বেকার তরুণ জয় মিয়ার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এক মানবিক উদ্যোগ। দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় আর্থিক সংকটে দিন কাটানো এই তরুণকে স্বাবলম্বী করতে নগদ পুঁজি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফ্রান্স প্রবাসী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে জয় মিয়ার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাকে কাজের উপযোগী করে তুলতে দুই সেট গেঞ্জি ও ট্রাউজার প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে তাকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেন যাত্রীদের কাছে বোতলজাত পানি ও কোমল পানীয় বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় মিয়া দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং পরিবার নিয়ে কষ্টে দিন পার করছিলেন। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় তার জীবনযাপন ছিল অনিশ্চয়তায় ভরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে প্রবাসে অবস্থানরত বদরুল আলম তালুকদার তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সহায়তা প্রদানের সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এতে শুধু একজন বেকার যুবকের কর্মসংস্থানই হয় না, বরং অন্যদের মাঝেও আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা জাগে। তারা বলেন, প্রবাসীরা যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ান, তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জয় মিয়া বলেন, আমি আগে খুব কষ্টে ছিলাম। কাজ না থাকায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। আজ আমি নতুনভাবে শুরু করার সুযোগ পেলাম। যিনি আমাকে সাহায্য করেছেন, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি নিজে কাজ করে সম্মানের সঙ্গে বাঁচতে চাই।
স্থানীয়দের মতে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন একটি ব্যস্ততম স্টেশন হওয়ায় এখানে প্রতিদিন অসংখ্য যাত্রীর যাতায়াত রয়েছে। ফলে বোতলজাত পানি ও কোমল পানীয় বিক্রির মাধ্যমে জয় মিয়ার নিয়মিত আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার নিয়মিতভাবে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়ামূলক কর্মকান্ডে সহায়তা করে আসছেন। তার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

