

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটায় গোসল করতে নেমে আবু সাঈদ (১২) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ আবু সাঈদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের রবি মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩ টায় এই দুর্ঘটনা ঘটে উপজেলা উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের উত্তরে যাদুকাটা নদীর শাহিদাবাদ এলাকায়।
এর সত্যতা নিশ্চিত করেন উত্তর বাদাঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ মেম্বার।
নিখোঁজ আবু সাঈদের চাচা শহিদ মিয়া জানান, দুপুরের দিকে শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদ্রাসা থেকে সমবয়সী ৪/৫ জন ছাত্র গোসল করতে মাদ্রাসার পিছনে যাদুকাটা নদীতে যায়। এ সময় যাদুকাটা নদীর উৎস মুখে পূর্ব পাড়ে থাকা ছোট একটি নালায় পাড় হয়ে নদীর পশ্চিম পাড় বারিক্কার টিলা সংলগ্ন বাঘের মুখ নামক নালায় গিয়ে গোসল করতে নামে সবাই। এ সময় আবু সাঈদের সাথে থাকা অন্য ছাত্ররা সাঁতরিয়ে টিলার পাড়ে উঠতে পারলেও আবু সাঈদ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে সাথে থাকা ছাত্ররা মাদ্রাসা ও আবু সাঈদের বাড়িতে তার নিখোঁজ হওয়ার সংবাদ জানালে তার পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী বিকাল থেকে যাদুকাটা নদীতে নিখোঁজ আবু সাঈদকে উদ্ধারে চেষ্টা চালালেও নিখোঁজ মাদ্রাসার ছাত্র আবু সাঈদকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলামের বক্তব্য জানতে সরকারি মোবাইল নাম্বারে বারবার কল দিলেও কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই আছি। নিখোঁজ ছাত্র এখনো উদ্ধার হয়নি। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধারের চেষ্টা চলছে।

