

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইয়াবাসহ মামুন অর রশিদ নামে এক যুবককে আটকের পর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মামুন ওই গ্রামেরই বাসিন্দা।
সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মামুন অর রশিদের দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) (ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে একই আইনের ৩৬(১) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ সংবাদমাধ্যমকে জানান, যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি বলেন, 'মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক, আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
সাজাপ্রাপ্ত আসামিকে বিকেলেই যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

