

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত, শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার-এর আয়োজনে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে মোট ২৪ জন উপকারভোগী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত এই অনুদান শ্রমিকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

