

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে সমজান আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সমজানের মৃত্যু হয়। তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন, 'জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।'
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম।

