

এম কে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ১৬ ঘন্টা পর এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। ১৭ এপ্রিল ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত ওই ব্যবসায়ীর নাম মো. মুরাদ হোসেন খান। তিনি উপজেলার হাবলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তবে ব্যবসায়িক কারণে দির্ঘদিন যাবত তিনি টাঙ্গাইল শহরে অবস্থান করে আসছেন।
বাসাইল থানার মামলা সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ব্যবসায়ীর মুক্তিযোদ্ধা মামার জানাযা’য় অংশ নেয়ার জন্য তিনি নিজ গ্রাম হাবলা যান। মুরাদ দুপুর একটা’র দিকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে পাকা সড়কে আসে। এসময় ৫/৬ জনের সংঘবদ্ধ একটি দল খয়েরী রঙের প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ ৪২-৪৮৫৫) দিয়ে মুরাদের পথরোধ করে এবং তাকে খারাপ ভাষায় গালিগালাজ করে গাড়িতে উঠতে বলে। মুরাদ অস্বীকার করলে জোরপূর্বক তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ ওই অপহরণকারী চক্র।
পরে মুরাদের ফোন থেকে তার স্ত্রীকে কল করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি মুরাদের স্ত্রী বাসাইল থানাকে অবহিত করলে থানা পুলিশ ১৭ এপ্রিল মুরাদকে দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। পরে ২২ এপ্রিল গোপন সংবাদের ভিক্তিতে অপহরণকারী দলের প্রধান হাবলা উত্তরপাড়ার আবু সাঈদ কালু’র ছেলে সোহাগকে তার নিজ বাড়ি থেকে ভোর ৪টা’র সময় আটক করা হয়।
বাসাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম অপহরণকারী সোহাগকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে।অভিযুক্ত অন্যদের আটকের অভিযান অব্যহত রয়েছে।

