

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩৫ লাখ টাকা ব্যয়ে৭০০ মিটার ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণ সামগ্রীর গুনগত মান সঠিক না থাকায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।
এদিকে গত সোমবার (২০ এপ্রিল) শ্রীপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল, ড্রেন নির্মাণ কাজের অনিয়ম পরিদর্শনে এসে তোপের মুখে পরেন এলাকাবাসীর। এক পর্যায়ে শুরু হয় বাকবিতন্ডা।
তথ্যমতে জানা যায়, ৩৫ লাখ টাকা ব্যয়ে কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ৭শ মিটার কাজের টেন্ডার পায় এস আর কর্পোরেশন নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ অর্ধেক হতে না হতেই শুরু হয় অনিয়ম। ৩ মিটার প্রস্থের এই ড্রেন নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ইট, বালু, রড সিমেন্ট এবং ঢালাইয়ের কাজের গুনগত মান সঠিক না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সরকারের লাখ টাকা গচ্ছায় দিয়ে হরিলুট করছে অসাধুরা।
তবে, ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে এলাকাবাসীর সাথে কাজের অগ্রগতি নিয়ে সমন্বয়ের কথা জানায় এস আর করপোরেশন ইন্জিনিয়ার হেলাল উদ্দিন। এদিকে এলাকাবাসীর দাবি, গত ১ বছর আগে পাশেই একটি ড্রেন নির্মাণের কিছু দিন যেতে না যেতেই ধসে পড়ে। সেদিক বিবেচনায় ড্রেন গুলোর মান উন্নত করার প্রত্যাশা স্থানীয়দের।
ড্রেন তৈরির কাজের অনিয়ম সম্পর্কে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের ভারপ্রাপ্ত প্রকৌশলী শুভঙ্কর জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের মালামাল দিয়ে ড্রেনের কাজ করার কোন সুযোগ নেই, যদি কোথাও এমন কাজ হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এই কাজে ঠিকাদার প্রতিষ্ঠান অসাধু কাজ করতে চেয়েছিলো যা অস্বীকার করার নয়। কাজটি শুরু হয়েছে চলিত মাসে ১০/১২ দিন আগে। যদি বৃষ্টি না হয় আর প্রতিকূল পরিবেশ ভালো থাকে তাহলে আগামী ৯০ থেকে ১২০ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী।

