

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মোশারফ হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য হিসেবে যোগ দিয়েছেন।
গত রোববার (১৯ এপ্রিল) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।
মোশারফ হোসাইন এর আগে দিনাজপুরের খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর ৬নং গোয়ালডিহি ইউনিয়নের বায়তুল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-এর সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি দিনাজপুর জেলা ছাত্রসংগঠনের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বও পালন করেন।
পরবর্তীতে তিনি ‘আপ বাংলাদেশ’ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) প্ল্যাটফর্মে যুক্ত হন। সেখানে কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক (রংপুর বিভাগ) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, মহানগর এবং কয়েকটি উপজেলায় সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে; এতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়।
শিক্ষাজীবনে মোশারফ হোসাইন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে (পলিটিক্যাল সায়েন্স) মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি ওই ইউনিয়নের পুলহাট বাজারসংলগ্ন পশ্চিম হাসিমপুর এলাকায়।
এনসিপিতে যোগদানের বিষয়ে মোশারফ হোসাইন বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী গণ-আকাঙ্ক্ষা এবং সে সময়ের আন্দোলনের লক্ষ্যগুলো বাস্তবায়নে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন, যা ভিন্ন মত ও পথের মানুষকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি মধ্য-ডানপন্থী দল হলেও এর মূল লক্ষ্য আধুনিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য তাঁর বর্তমান রাজনৈতিক চিন্তা এবং জুলাইয়ের চেতনার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এ বিশ্বাস থেকেই তিনি এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

