

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর দেশের প্রবীণ খ্যাতনামা আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিবল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ফটিকছড়িস্থ আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতের আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান আসিফ মাহমুদ।
আলোচনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানা গেছে।
সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।
সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাফল্য কামনা করে তাঁর জন্য বিশেষ দোয়া করেন হেফাজতে ইসলামের আমীর।

