

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে একাববর (৫৩)-কে গাঁজাসহ আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, কারও কাছে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
