

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরাঞ্চলে অবস্থিত তেকানি ও তার আশপাশের এলাকাকে নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মিত বাঁধ পরিদর্শন করেছেন সংসদ সেলিম রেজা। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি উত্তর তেকানি থেকে পানাগাড়ি হাড্ডির ঘাট পর্যন্ত মোট দুই কিলোমিটার লম্বা মাটির বাঁধটি ঘুরে দেখেন। এসময় নদীভাঙন থেকে রক্ষায় বাঁধের দুইপাশে জিওব্যাগ ফেলাসহ বাঁধের উপরিভাগে পাকাকরণের সিদ্ধান্ত দেন তিনি।
এসময় তিনি বলেন, “কাজিপুর চরাঞ্চলের পৌণে দুইলাখ জনগোষ্ঠীকে যমুনার ভাঙন থেকে রক্ষায় বর্তমান সরকার সম্ভব সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। আজকে এই কাজের জন্যে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে দ্রুত প্রস্তাব পেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্যে নির্দেশ দিচ্ছি, যাতে আসন্ন বর্ষা মৌসুম আসার আগেই বাঁধটির মেরামত কাজ শেষ হয়।”
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপসহকারি প্রকৌশলী আবু কালাম আজাদ, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান।
উল্লেখ্য, মূল বাঁধের মেরামত ও পাকাকরণ কাজ করবে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মনণালয় এবং এলজিইডি থেকে বাঁধের দুই পাশে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ফেলা হবে।

