

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান জানিয়েছেন, দখলকৃত সকল খালের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে দখলকৃত খালগুলি উদ্ধার করে জনগণের যা প্রত্যাশা তা পূরণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে পুনরায় খাল খনন কাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রতনপুর সুরিচালা মকশবিল ও ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালিয়া নদের শিমুলিয়াপাড়া দুটি খাল খনন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ দুটি খাল খননে সরকারি ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৬শত ১০টাকা। এ সময় গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্ত আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, মৌচাক ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ সদস্য, চেয়ারম্যানগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

