

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার ২০০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে উপজেলার দূরবর্তী ইউনিয়ন সমূহে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব সার ও বীজ বিতরণ করা হবে। আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। বিতরণকৃত এই কৃষি উপকরণগুলো মাঠ পর্যায়ে যথাযথ ব্যবহারের নিশ্চিত করতে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করবেন।
উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব মো. আবুল বাসারসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। কৃষকদের আউশ চাষে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

