

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বড় সাইজের কাতলা মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি স্থানীয় আড়তে আনা হলে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে। এমন বড় কাতল মাছ এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে রোজাউল মণ্ডলের আড়তে মাছটি উঠলে তিনি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন। পরে ওই মাছটি ছবি ও ভিডিও ফেসবুকে আপলোট দিলে ঢাকার এক শিল্পপতি তা কেনার জন্য যোগাযোগ করেন। চান্দু মোল্লা মাছিট প্রতি কেজিতে ১০০ টাকা লাভ যোগ করে ঢাকার গুলিস্তানের এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করেন।
তিনি আরও বলেন, এত বড় কাতলা মাছ এখন নদীতে খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি আড়তে আসার পরপরই অনেকেই দেখতে ভিড় করেন। আমার দোকানে আনার পরও মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে আগের মতো বড় আকারের মাছ এখন আর তেমন পাওয়া যায় না। নদীর নাব্যতা, পরিবেশগত পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরার কারণে বড় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে মনে করছেন তারা।
এদিকে বিশাল আকারের এই কাতলা মাছ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

