ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী

মো: সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি: সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে আজ সিলেট অঞ্চলের মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষামন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করেন।

সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন বিগত সরকারের অবহেলার কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষা ও কর্মসংস্থানে স্বাবলম্বী করতে তিনি দ্রুত সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অপরাজনীতি মুক্ত রেখে এর সার্বিক উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ প্রদানের অনুরোধ জানান।

তিনি আরও বলেন, জেলায় বর্তমানে ৮৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার স্কুলগুলোতে ভবন ও শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সবকটি পদই শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে তিনি দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ দেন। এছাড়া তিনি কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজকে সরকারিকরণ এবং আলিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান। কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়েও তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সিলেটের শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জাতীয় উন্নয়নের স্বার্থে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও কয়ছর আহমদ জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংরাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram