

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা দড়িগাঁও কাঁঠালিয়া নদী হতে চরকাঁঠালিয়া ব্রিজ হয়ে গঙ্গাপ্রসাদ পর্যন্ত খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ও নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো খাল পুনঃখনন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সারাদেশের ধারাবাহিকতায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ফসল উৎপাদন বাড়বে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক সাদেক জুনায়েদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

