

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের ১৫ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, তালিকাভুক্ত আরও ১৬৭৫ জন কৃষকের মধ্যে আগামী দুই দিনের মধ্যে কৃষক কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের কল্যাণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা পরিবারের প্রধান নারী সদস্যের হাতে তুলে দেওয়া হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক সচ্ছলতা নিশ্চিত হবে। পাশাপাশি সন্তানদের শিক্ষা নিশ্চিত করা সহজ হবে এবং পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সমাজের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের আর্থিক সহায়তার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতিও প্রদান করবে। এছাড়া দেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে নাগরিকরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। তিনি উল্লেখ করেন, “বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে।” সরকারের মতে, কৃষকরা দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

