

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় বেসরকারি তিনটি হাসপাতালের অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিচালিত অভিযানে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় অ্যাপোলো ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল-এর অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে সেটি সিলগালা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কক্ষটি বিশুদ্ধকরণ (স্টেরিলাইজেশন) করার সময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

