ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেজের মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

১ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ওই ফেসবুক পেজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রটিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মামুনুর রশিদ, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল সাজু, কনন্টেন ক্রিয়েটর সুমন, ছাত্রনেতা নাইম ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, "একটি অসাধু চক্র ‘Roasting Centre Sapahar’ নামের পেজটি ব্যবহার করে আমাদের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ধরনের অশ্লীলতা ও সাইবার অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই চক্রটি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram