

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য বিঝু র্যালি ও কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে ভিড় জমেছে হাজারো পাহাড়ি জনগোষ্ঠীর।
রবিবার (১২ এপ্রিল) ভোর থেকে বাঘাইছড়ির উলুছড়ি ও দুরছড়িসহ বিভিন্ন এলাকায় কাচালং নদীতে ফুল ভাসানো শেষে প্রার্থনা করে ফুল বিঝু উৎসবের সূচনা করেন। বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দসহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকার থেকে আগত পাহাড়ি জনগোষ্ঠী অংশগ্রহণ করেন।
এসময় বিল্টু চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিঝুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বৈসাবি উপলক্ষে ফুল ভাসানো উৎসবে বৈসাবি'র শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। এ উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

