

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সামিউল ইসলাম লিখিত বক্তব্যে জানান, কেরানীগঞ্জ মডেল থানার হাজরতপুর ইউনিয়নের চর আলগী মৌজায় তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে মোট ৫৪ শতাংশ জমি রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে চারজন পুলিশ সদস্য জোরপূর্বক তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। অভিযুক্তদের কাছে ওই জমির কোনো বৈধ কাগজপত্র নেই বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার অভিযোগ করা হলেও অভিযুক্তরা কোনো সাড়া দেননি বলে জানান সামিউল ইসলাম। তিনি আরও বলেন, জমি ছেড়ে দিতে বললে উল্টো পুলিশি প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান ভুক্তভোগী পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য মো. নুরুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও মো. বিলাল হোসেন।

