ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপসের মাধ্যমে পাম্পে তেল বিক্রি শুরু, নিয়ম লংঘন করায় ২ জনের শাস্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম ও কালোবাজারি রোধে অ্যাপসভিত্তিক নতুন কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।

উদ্বোধনের পর এ পদ্ধতিতে তেল দেওয়া শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, নতুন নিয়ম অনুযায়ী তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সঙ্গে রাখতে হবে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে। প্রতিটি বাইকের তেল নেওয়ার তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নেওয়া যাবে এবং একবার নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসন ও পাম্প মালিকদের প্রত্যাশা, এই আধুনিক ও ডিজিটাল পদ্ধতির ফলে সাধারণ গ্রাহকরা যেমন সহজে সেবা পাবেন, তেমনি জ্বালানি খাতে সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে বলে জানান ইউএনও।

অন্যদিকে, শিবগঞ্জ ও গোমস্তাপুরে বুধবার থেকে অ্যাপস্ পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। তবে, প্রথম দিনেই শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২ জন গ্রাহককে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে একজনকে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে এবং অপরজনকে ২০ দিনের জন্য ব্লক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা প্রশাসন।

প্রশাসনের দাবি, এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেলে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে এবং প্রকৃত গ্রাহকরা সহজে ও সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে পারবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram