

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় শাহজাহান হাওলাদার (সুমন) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) সকাল ১১টায় উপজেলার ৬নং বড়াকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শান্তবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এতে শিক্ষার্থী, যুবক ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, মরহুম আব্দুল কাদের হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া মৃত্যুর পর দ্রুত দাফনের চেষ্টা এবং পোস্টমর্টেমে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় আরও সন্দেহের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, যা দ্রুত তদন্তের মাধ্যমে স্পষ্ট করা জরুরি।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ এপ্রিল নিজ বাড়িতে শাহজাহান হাওলাদারের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও শুরু থেকেই বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত গোসল ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে যারা গোসল করিয়েছেন, তাদের কাছ থেকে শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা জানার পর সন্দেহ আরও গভীর হয়।
মানববন্ধনে নিহতের মা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা এভাবে মেরেছে, তাদের বিচার চাই। একজন মা হিসেবে আমি শুধু আমার সন্তানের হত্যার বিচার চাই।” নিহতের বোন বলেন, “আমরা কাউকে অযথা দোষ দিচ্ছি না, কিন্তু সত্য জানতে চাই। সুষ্ঠু তদন্ত ছাড়া এই মৃত্যু আমরা মেনে নিতে পারবো না।” এছাড়া নিহতের ভাতিজা বলেন, “আমার চাচার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা চাই, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।”
এ সময় উপস্থিত এলাকাবাসী ও যুব সমাজের পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা বলেন, একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু শুধু সেই পরিবারের নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক। দ্রুত সঠিক তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন থেকে নিহতের পরিবার ও স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর দাবি জানান—ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা সচেতন মহল ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়।

