

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়গামী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার (৮ই এপ্রিল) দুপুর দেড় ঘটিকায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু শিক্ষার্থী সিনথিয়া (৯) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে স্থানীয় দুবলাচাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত মো: আলামিন (৩৪) নাটোর জেলার লালপুর থানাধীন সাদিপুর এলাকার আব্দুল মজিদ এর ছেলে।
ভুক্তভোগী সিনথিয়া বলেন, আমি বিদ্যালয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের অদূরে রাস্তায় আমাকে এই লোকটা আটকায়। এসময় আমাকে আদর করে মাঠের দিকে যেতে বললে আমি দৌঁড়ে পালিয়ে বিদ্যালয়ে চলে যাই। আমি আমার ম্যাডামকে বিষয়টি খুলে বলি। আমার কথা শুনে ম্যাডাম আমাকে নিয়ে দৌঁড়ে রাস্তায় এসে দেখেন উনি উল্টোদিকে চলে যাচ্ছেন। সে সময় আমার চাচাতো ভাই ওই রাস্তা দিয়ে আসতে থাকলে আমার কান্না দেখে সে থামে এবং আমরা তাকে বিস্তারিত বলি। সব কথা শুনে তিনি ওই লোকটাকে ধাওয়া দেয়। এর আগে আরও ২ বার এই লোকটা তাকে কোথায় যেন নিতে চেয়েছে বলেও অভিযোগ করেন সিনথিয়া।
সিনথিয়ার দাদা বাদশা বলেন, আমার নাতনিকে অপহরণের চেষ্টা করে এই লোকটা এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে। ওকে আমাদের হাতে ছেড়ে দেন। ওর বিচার আমরাই করবো।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, আলামিন নামক এক যুবককে আটকের কথা শুনেছি। তবে ঠিক অপহরণের চেষ্টা কিনা সেটা এখনও নিশ্চিত নই। শিশুটির অভিভাবকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছি। বিস্তারিত জানার পর বলতে পারবো আসল ঘটনা। তবে দোষী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
