

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৬। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই মেলা শুরু থেকেই দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের এখন থেকেই উদ্ভাবনী চিন্তায় অভ্যস্ত হতে হবে। বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম।” তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শতশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট, প্রযুক্তিনির্ভর সমাধান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক মডেল প্রদর্শন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট কৃষি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিগত সমাধানভিত্তিক নানা উদ্ভাবন দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের প্রজেক্টের কার্যকারিতা ও প্রয়োগ ব্যাখ্যা করে, যা উপস্থিতদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের কাজ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন প্রজেক্ট দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “উজিরপুরের শিক্ষার্থীদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। তাদের সঠিকভাবে উৎসাহ ও দিকনির্দেশনা দেওয়া গেলে তারা ভবিষ্যতে দেশের জন্য বড় কিছু করতে পারবে।” স্টল পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাজ উপভোগ করেন।
দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে এই বিজ্ঞান মেলা উজিরপুরে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
