

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চায়ের দোকানে ছাত্রদল ও যুবলীগ নেতার মধ্যে বাকবিতন্ডার জেরে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৩ জন আহত হয়। রোববার সকাল সাড়ে এগারোটায় আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন মুনতলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুনতলায় কবিরের চায়ের দোকানে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবুরের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে মজিবুর, তার ভাই শাহজাহান, সোহরাব, নজরুলসহ আরো ৮/১০ জন লোক ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রদল নেতা আরিফ, তার চাচা হানিফা ও কামাল হোসেনকে মেরে এবং কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে আহত হানিফার ভাই ও ছাত্রদল নেতার চাচা কামাল হোসেন বাদী হয়ে রবিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কামাল হোসেন জানান, যুবলীগ নেতা মুজিবুর এবং তার লোকজন আমার ভাই হানিফা ও ভাতিজা আরিফসহ আমাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। পরে আমাদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

