

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ (৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। এ সময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী পুলিশ সদস্য জানান, তিনি দায়িত্ব পালনরত অবস্থায় বাইরে থাকাকালীন এ হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ঘটনার বিষয়ে দুই পক্ষের মামলা নেওয়া হয়েছে এবং সেই মামলায় তারা আদালত থেকে জামিন পেয়েছেন। নতুন করে কেউ হুমকি দিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
