

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একই নামে বিশেষ জ্বালানি কার্ড নেওয়ায় ২৮ জনের কার্ড বাতিল করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এসব অবৈধ কার্ড বাতিল করেন।
এসময় সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সম্পাদক নসরতে রানা খোদা, সাংবাদিক বিষ্ণুপদ রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন পেতে বৈধ কাগজপত্র ধারীদের পীরগঞ্জ উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা কার্যালয় থেকে বিশেষ জ্বালানি কার্ড ইস্যু করা হয়। এ সময় একই ব্যক্তি কৌশলে বিভিন্ন স্থান থেকে একাধিক কার্ড নেন। বিষয়টি ধরা পরার পর তাদের উপজেলা পরিষদ সভা কক্ষে ডেকে নিয়ে কার্ড জব্দ করে তা বাতিল করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, একই ব্যক্তি কৌশলে একাধিক ফুয়েল কার্ড সংগ্রহ করেন। এটা নির্দেশনা পরিপন্থী। প্রাথমিক ভাবে তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারা আর কোন ফুয়েল কার্ড পাবেন না। পরবতীতে এমনটা করা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
